কমার পর বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে বাড়ানো হয়েছে দুই হাজার ২১৬ টাকা। এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গতকাল (৯ জুলাই) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়। গত ৬ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ, দু্ই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গয়নার দাম কমানো হয় ৬ হাজার ৫৯০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.