আধুনিক প্রযুক্তি, আবহাওয়া বিন্যাস ও বায়ু মণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র ও জলবায়ু মডেল অনুসরণ করে আগামী তিন মাসের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে আগামী তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জুলাই মাসে সারাদেশের অন্যান্য বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ে চট্টগ্রাম বিভাগে ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজশাহী বিভাগে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জুলাইয়ে রাজশাহীতে ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এই সময়ে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।
তবে, পরবর্তী তিন মাসে তাপমাত্রা বৃদ্ধিরও ইঙ্গিত দেওয়া হয়েছে পূর্বাভাসে। এতে বলা হয়, এই তিন মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এই সময়ে বিছিন্নভাবে দেশে তিন থেকে পাঁচটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.