সিএফএ সোসাইটি বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট মাহতাব ওসমানী

সিএফএ সোসাইটি বাংলাদেশ ১ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া দুই বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করেছে। সোসাইটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান,  মাহতাব ওসমানী, সিএফএ। তিনি আসিফ খান, সিএফএ-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

মাহতাব ওসমানী দীর্ঘদিন ধরে সিএফএ সোসাইটি বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি সোসাইটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কার্যনির্বাহী পরিষদে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মনিরুল ইসলাম, সিএফএ ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শান্তা সিকিউরিটিজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এস. এম. গালিবুর রহমান, সিএফএ, সেক্রেটারি এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব ওয়েলথ অ্যান্ড অ্যাডভাইজরি বিজনেস মো. সাকিব চৌধুরী, সিএফএ, ট্রেজারার নির্বাচিত হয়েছেন।

সোসাইটির অন্যান্য পরিচালক হিসেবে রয়েছেন এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, আসিফ খান, সিএফএ; ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার, এস. এম. সামিউজ্জামান, সিএফএ; এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার-স্ট্র্যাটেজি, সাদ মোহাম্মদ নিয়ামতুল্লাহ, সিএফএ।

সিএফএ সোসাইটি বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ পেশাজীবীদের সংগঠন সিএফএ ইনস্টিটিউটের স্থানীয় সদস্য সোসাইটি। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা এবং করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত সিএফএ চার্টারহোল্ডার ও বিনিয়োগ পেশাজীবীদের নিয়ে সোসাইটির কার্যক্রম পরিচালিত হয়।

ফাইন্যান্স ও বিনিয়োগ বিষয়ে শিক্ষা বিস্তার, বিনিয়োগ পেশায় নৈতিকতা ও পেশাদারিত্বের উন্নয়ন, সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা এবং সদস্যদের জন্য ধারাবাহিক পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রধান কার্যক্রমের মধ্যে অন্যতম।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.