আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করলো এনসিসি ব্যাংক

আন্তর্জাতিক এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এসএমই গ্রাহকদের মধ্যে মোট ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম ও মোঃ হাবিবুর রহমান, ইভিপি এবং হেড অব সাস্টেইনেবল ও উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও ঢাকা আউটস্কার্ট অঞ্চলের প্রধান মোঃ জসিম উদ্দিন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দসহ এসএমই উদ্যোক্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রিফাইন্যান্স, প্রিফাইন্যান্স ও ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে, যা উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করেছে। এনসিসি ব্যাংকও ধারাবাহিকভাবে সিএমএসএমই অর্থায়ন সম্প্রসারণে সফলতা অর্জন করছে এবং ভবিষ্যতেও এ খাতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের পাশে থাকবে।”

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, “বর্তমানে এনসিসি ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর প্রায় ২৪ শতাংশ সিএমএসএমই খাতে বিনিয়োগ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ব্যাংক কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিফাইন্যান্স ও প্রিফাইন্যান্স স্কিম, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, নারী উদ্যোক্তা উন্নয়ন, এসএমই ফাউন্ডেশন, পিকেএসএফ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক সারা দেশে উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করছে।”

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলম বলেন, “টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সিএমএসএমই খাতের গুরুত্ব অপরিসীম। এনসিসি ব্যাংক সবসময় উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক আর্থিক ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে এসএমই গ্রাহকদের জন্য ‘এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন’, ‘এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন’, ‘এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স’ এবং ‘এনসিসি এসএমই বিজনেস অ্যাকাউন্ট’সহ নতুন চারটি বিশেষায়িত পণ্য চালু করা হয়েছে। পাশাপাশি ‘এনসিসি অলওয়েজ’ অ্যাপ, এসএমই ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, কিউআর কোড ও চ্যাটবট সেবা চালুর মাধ্যমে এসএমই ব্যাংকিংকে আরও আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নতুন কাস্টমাইজড পণ্য ও সেবা চালু করা হবে।”

এ সময় তিনি গ্রাহকদের ঋণ অনুমোদনের প্রক্রিয়া আরও সহজতর ও দ্রুতকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.