সংঘাত এড়াতে আগামীকাল কাতারে ফের আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিরসনে একে অন্যের বিরুদ্ধে চালানো হামলা বন্ধ করে ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।

এর ফলে কয়েক দিনের পাল্টাপাল্টি হামলায় ভেঙে পড়ার দ্বারপ্রান্তে থাকা সমঝোতা স্মারক টিকে থাকার আশা জোরদার হয়েছে।

মার্কিন গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) কাতারে এই আলোচনায় বসতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

এদিকে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘সমঝোতা স্মারকের সব বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। আপাতত উভয় পক্ষ সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং (হরমুজ প্রণালিতে) জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।’

গত কয়েকদিন হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে, এমন অভিযোগ করে দেশটির উপকূলবর্তী এলাকায় বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

জবাবে মধ্যপ্রাচ্যে অন্তত আটটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির চুক্তি মেনে না চললে ইরানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা গত রোববার আবারও লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে দক্ষিণ লেবাননের একটি গ্রামে গোষ্ঠীটির ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করেছে। ইরান বলেছে, বৃহত্তর সমঝোতা কার্যকর রাখতে হলে লেবাননের সংঘাতেরও অবসান ঘটাতে হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.