লা গুয়াইরায় শতাধিক ভবন ভূমিকম্পে ধসে পড়েছে: জাতিসংঘ

ভেনেজুয়েলার লা গুয়াইরাতে একশোরও বেশি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জাতিসংঘের নগরাঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে সকল দলকে মোতায়েন করার অনুমতি দিয়েছেন। যাতে তারা উদ্ধারের কার্যক্রমে আসা অন্যান্য দলগুলোকে লজিস্টিক ও অন্যান্য সহায়তা দিতে পারে।

সর্বশেষ আপডেটে বলা হয়েছে, আন্তর্জাতিক দলগুলো প্রধান কেন্দ্র বা ফোকাস এলাকা হিসেবে লা গুয়াইরা এবং কারাকাসের ওপর মনোযোগ দেবে।

অন্যদিকে ভেনেজুয়েলার অন্যান্য সকল এলাকা সিভিল প্রটেকশন বা নাগরিক সুরক্ষা এবং স্থানীয় দলগুলোর মাধ্যমে সামলানো হচ্ছে।

রদ্রিগেজ এর আগে জানিয়েছিলেন, লা গুয়াইরাতে “ডজন ডজন” ভবন ধসে পড়েছে। তিনি এটিকে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হিসেবে বর্ণনা করেন এবং একে একটি “দুর্যোগপূর্ণ এলাকা” বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং ৩৯ সেকেন্ড পর যে ভূমিকম্প হয় সেটির মাত্রা ৭ দশমিক ৫ ছিল বলে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার প্রথম ভূমিকম্প আঘাত হানার পর থেকে ভেনিজুয়েলায় ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল, যার মধ্যে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফ্যালকন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.