খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ফজরের নামাজ শেষ হওয়ার পর মসজিদের ভেতরে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মসজিদ কমিটির সেক্রেটারিসহ দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিএল কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জামে মসজিদে ফজর নামাজের সময় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে আলম শেখ (৫৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য মুসল্লিদের সঙ্গে লোকমান হাকিম যখন ফজর নামাজ আদায় করছিলেন, তখন কয়েকজন সশস্ত্র হামলাকারী হঠাৎ মসজিদে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় লোকমান হাকিমের পাশে নামাজ পড়তে থাকা আলম শেখও গুলিবিদ্ধ হন। গুলির পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে অন্য মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা মসজিদে ছুটে যান। তারা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে আলামত সংগ্রহ করেন।
পুলিশ জানায়, হামলার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আরও জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.