নিজের পূর্ববর্তী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করলেন গভর্নর

নিজের পূর্ববর্তী ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, তিনি যে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি কখনও উৎপাদন বা রফতানি কার্যক্রম বন্ধ করেনি এবং কোনো সময় ব্যাংকঋণ খেলাপিও হয়নি।

শুক্রবার (১২ জুন) বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

গভর্নর জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিতে ১৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছিল। প্রকল্পের শুরুতে স্বল্প সুদের ঋণ সুবিধা থাকলেও পরবর্তীতে সুদের হার বৃদ্ধি পায়। এছাড়া কোভিড-১৯ মহামারিসহ বিভিন্ন কারণে প্রত্যাশিত মুনাফা অর্জনে বিলম্ব হয়।

তবে তিনি জোর দিয়ে বলেন, এসব প্রতিকূলতা সত্ত্বেও প্রতিষ্ঠানটি কখনও ঋণখেলাপি হয়নি। বরং প্রতিষ্ঠানটি ১০০ কোটি টাকারও বেশি ঋণ পরিশোধ করেছে।

মোস্তাকুর রহমান বলেন, “একটি কথা বারবার বলতে বলতে অনেক সময় সেটিকে সত্য বলে মনে করা হয়। কিন্তু বাস্তবতা হলো, ওই প্রতিষ্ঠানের কোনো বকেয়া ঋণ ছিল না।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির উৎপাদন ও রফতানি কার্যক্রম কখনও বন্ধ হয়নি এবং এর আর্থিক দায়বদ্ধতা যথাযথভাবে পালন করা হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.