নিজদের ভূখণ্ডে হামলা বন্ধে ইরানকে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়াসহ ২২ দেশের হুশিয়ারি

নিজেদের ভূখণ্ডে হামলা ও সহিংস কর্মকাণ্ড বন্ধে ইরানকে যৌথভাবে হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশসহ মোট ২২টি দেশ। একই সঙ্গে আন্তর্জাতিক ও স্থানীয় অপরাধী চক্র ব্যবহার করে বিভিন্ন দেশে হামলার ষড়যন্ত্রের অভিযোগে ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর তীব্র সমালোচনা করেছে দেশগুলো।

দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, আমাদের ভূখণ্ডে মানুষ হত্যা, অপহরণ কিংবা ভয় দেখানোর মতো যে কোনো প্রচেষ্টা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এসব কাজ দ্রুত বন্ধ হতে হবে।

তারা আরও জানায়, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর গোয়েন্দা শাখা এবং এর বৈদেশিক অভিযান শাখা ‘কুদস ফোর্স’ ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে ‘প্রাণঘাতী ষড়যন্ত্র এবং বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডে’ লিপ্ত।

বিবৃতিতে আরও বলা হয়, এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এখনই এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

যৌথ বিবৃতি দেওয়া দেশগুলো হলো— আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.