আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।
আইনজীবী শিশির মনির বলেন, প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
এর আগে শনিবার (৬ জুন) রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা ও চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আজীবন আদ-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে পাবেন। আদ-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকছে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা থাকবে। পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ-দ্বীনে চাকরির সুযোগ দেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পাওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত।
উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ২৭ মে ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.