আদালত চত্বরে গোলাগুলিতে গুলিবিদ্ধ ২

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় উপস্থিত জনতা ধাওয়া দিয়ে দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (২৪ মে) জেলা জজ আদালতের প্রধান ফটকের ভেতরে এই ঘটনা ঘটে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার ভাই এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আদালতে একটি মামলার হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়। হঠাৎ গুলির শব্দে আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক সৃষ্টি হয়। এই হামলায় লিয়াকত আলীর ভাই ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মাইন উদ্দিনসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। গুলির পরপরই হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা সাহসিকতার সাথে ধাওয়া দিয়ে দুই হামলাকারীকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে দায়িত্বরত পুলিশের হাতে তুলে দেয়। তবে হামলায় জড়িত অন্য সহযোগীরা গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল আলম জানান, আদালত চত্বরে হামলার খবর পেয়েই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার মূল কারণ উদঘাটন এবং জড়িত বাকি অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে নেমেছে। আটক দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.