নারী উদ্যোক্তা বিকাশে উইমেন সামিটে আইপিডিসির সক্রিয় অংশগ্রহণ
নারী উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশে উইমেন সামিট ২০২৬-এ আইপিডিসি
নারী নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নকে উৎসাহিত করতে আয়োজিত উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬-এ গোল্ড স্পন্সর হিসেবে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। পাওয়ার অব শি আয়োজিত দুই দিনব্যাপী এ আয়োজন ৯ ও ১০ মে রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব প্রতিপাদ্য এবং শি লিডস, শি শাইনস স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সামিটে দেশের বিভিন্ন খাতের নারী উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণ অংশগ্রহণকারীরা অংশ নেন। অনুষ্ঠানটির প্রধান স্পন্সর ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বুধবার (২০ মে) আইপিডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সামিটের উদ্বোধনী দিনে প্রদর্শনী ও বিভিন্ন সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা সাবি, ফ্যাশন কনসালট্যান্ট ও ঐতিহ্যবাহী বস্ত্র বিশেষজ্ঞ এস কে সাইফুর রহমান এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব নাইমা কেয়ার।
অনুষ্ঠানে শারীরিক ও মানসিক স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া নারীদের উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শপআপ-এর সহ-প্রতিষ্ঠাতা সিফাত সারওয়ার একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করেন। সামিটের অন্যতম আকর্ষণ ছিল উদ্যোক্তা হান্ট প্রতিযোগিতা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন এবং নতুন নারী উদ্যোক্তাদের স্টলের সঙ্গে কাজ করার সুযোগ পান। প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী জান্নাতি ইভা। নিজের উদ্যোগ শুরু করতে তিনি ২০ হাজার টাকা পুরস্কার লাভ করেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে ৩৮টি স্টলে স্থানীয় হস্তশিল্প, ফ্যাশন ও উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। নতুন উদ্যোক্তা, এসিড সারভাইভার এবং তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের জন্য বিশেষভাবে বিনামূল্যে স্টলের ব্যবস্থা রাখা হয়। অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, লিপি খন্দকার, মামুন রশিদসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।
এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, “এ উদ্যোগের অংশ হতে পেরে আইপিডিসি অত্যন্ত আনন্দিত। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইমেন সামিটের মতো প্ল্যাটফর্ম নারীদের জন্য নতুন সুযোগ, নেটওয়ার্কিং এবং আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”
উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬-এ আইপিডিসি ফাইন্যান্সের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির নারী ব্যাংকিং ও সিএমএসএমই উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশের নারী উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে আইপিডিসি ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছে।
নারীদের ব্যাংকিং ও সিএমএসএমই খাতের উন্নয়নে আইপিডিসি ফাইন্যান্স দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নারীদের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.