অনুমোদন না নিয়ে নির্মাণের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিশ দিয়েছে কলকাতার পুরসভা।
গত সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ দুটি নোটিশ জারি করেছে, একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে, অপরটি তার মা লতা ব্যানার্জীর নামে।
নোটিসে অভিযোগ করা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮(এ) নম্বরে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতন’ এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা বন্দ্যোপাধ্যায়ের নামের সম্পত্তিতে অনুমোদন ছাড়া অংশ বিশেষ নির্মাণ করা হয়েছে।
নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে অথবা কারণ দর্শাতে বলেছে কলকাতা পুরসভা। নির্দেশ না মানা হলে মিউনিসিপাল কমিশনার নিজে বর্ধিত সেই অংশ ভাঙার উদ্যোগ নেবেন এবং সেই খরচ বাড়ির মালিককে দিতে হবে বলেও জানানো হয়েছে নোটিসে।
পাশাপাশি সাত দিনের মধ্যে বাড়িগুলির সম্পূর্ণ কাঠামোগত তথ্য ও ‘অ্যাজ-বিল্ট ড্রয়িং’ জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়োর আরেকটি পরিচয়— তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের সদ্য বিদায় নেওয়া মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপন ভাইপো। ২০১১ সালে তৃণমূলের যুব সংগঠনে যোগ দেওয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে পদার্পণ করেন, তারপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দলের সাধারণ সম্পাদক হন অভিষেক। বর্তমানে তিনি রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার আসনের সাংসদ।
সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয় এবং নিজেদের ভরাডুবির কারণে পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক চাপের মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। পারতপক্ষে কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। এমন পরিস্থিতিতেই অভিষেককে বাড়ি ভাঙার নোটিশ দিলো কলকাতা পুরসভা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.