দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী,

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তিনি রওয়ানা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গাড়িবহর নিয়ে চাঁদপুরের পথে রয়েছেন।প্রধানমন্ত্রীর খবর

চাঁদপুরে প্রবেশের আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন।

এরপর তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ডও বিতরণ করা হবে। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর।

এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.