সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন নিশ্চিত হামে ও হাম সন্দেহে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৬৫ জন এবং হাম সন্দেহে ৩৪৪ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অর্থাৎ হাম এবং উপসর্গে মৃত্যু হয়েছে ৪০৯ জনের। যা গতকাল ছিল ৩৫২। অর্থাৎ হাম সন্দেহে মৃত্যু ৫৭ জনের তথ্য হালনাগাদ করা হয়েছে।
রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বরিশালের শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাপ্ত সন্দেহজনক মৃত্যুর তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসের তথ্য সমন্বয় করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৫০৩ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত এর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী ২০৫ জন, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম রোগী ছয় হাজার ৮১৯ জন। দিনাজপুর জেলার সঙ্গে তথ্য সংশোধন করায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা কমেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৮৬২ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.