বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কর্মসূচির অংশ হিসেবে ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি ও সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিএল) লিড ব্যাংক হিসেবে কার্যক্রমে অংশগ্রহণ করে।
মঙ্গলবার (৫ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ ক্লাবে সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-১ এর পরিচালক এ এন এম মনিরুল কবির। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিএল)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এস এম ই ব্যাংকিং বিভাগের প্রধান এম খোরশেদ আলম।
সেমিনারে ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসার ও নগদবিহীন অর্থনীতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস বাংলাদেশের লক্ষ্য, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
বক্তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা, নিরাপত্তা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, ক্যাশলেস লেনদেন অর্থনীতিকে আরও স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করবে।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় বাজার পরিদর্শন করেন এবং মাঠ পর্যায়ে ডিজিটাল লেনদেনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিএল)-এর ডিএমডি ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী এবং হেড অব ডিজিটাল পেমেন্টস ফয়সাল এম ফাতেহ-উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.