বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

সুনামগঞ্জে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ইউসুফ আলী। তিনি সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার বাসিন্দা। বাকি চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (৪ মে) বিকেলের দিকে ছাতক উপজেলার জালালপুর বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রিফাত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে আসছিল। এ সময় সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বাস ড্রাইভার ফোনে ব্যস্ত থাকায় বাস সিএনজির ওপর উঠে যায়। এতে বাস ও সিএনজি রাস্তার নিচে পড়ে ঘটনাস্থলেই সিএনজির দুজন যাত্রী নিহত হন। আহত হন চালকসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছার আগেই তারা মারা যান বলে জানান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের এসআই মোরশেদ আলম।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সুজন সরকার বলেন, জালালপুরে দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন আর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন নিহত হয়েছে। আলাদা ঘটনায় নারায়ণপুরে আরেক নারী পথচারী বাসচাপায় নিহত হয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.