গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল। এ সময়ে হাম ও হাম সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন ও সন্দেহভাজন ১ হাজার ৪২১ জন।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর হার বিবেচনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায়। এখানে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০২ শিশুর এবং নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ শিশু। তবে এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৭ হাজার ৯৫৫ শিশু বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.