আজই ইরানের সঙ্গে চুক্তি সই হতে পারে: ট্রাম্প

আজই পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চুক্তি সইয়ের কথা বলেন। এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া আরেক সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেন।

ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেখানে পৌঁছাবে। ওই দলে স্টিভ উইটকফ, জ্যারেড কুশনারসহ আরও সদস্য রয়েছেন। আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজেও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে এবং এই পর্যায়ে তার মনে হচ্ছে, কোনো পক্ষই বিষয়টি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে না। এই আলোচনার মূল শর্ত একটিই-ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র রাখার পরিকল্পনা পরিত্যাগ করতে হবে।

এদিকে, পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও ভয়ংকর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ইরানের সঙ্গে চুক্তি না হলে ‘প্রচুর বোমা পড়তে শুরু করবে’।

ট্রাম্প চুক্তির কথা বললেও ভিন্ন বার্তা দিচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ অবৈধভাবে জব্দ করার পর ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের সরকারের নেই। ইরানের পক্ষ থেকে এই জাহাজ আটকের ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সম্ভাব্য এই আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। শহরের গুরুত্বপূর্ণ অংশগুলো অবরুদ্ধ করে প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.