ইরানি জাহাজ আটকের আগে সতর্ক করা হয়েছে: যুক্তরাষ্ট্র

ইরানি পতাকাবাহী পণ্যবাহী যে জাহাজটি মার্কিন নৌবাহিনী আটক করেছে, সেটিকে সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এতে বলা হয়েছে, বার বার সতর্ক করার পরও সেটি না মানার কারণে রোববার মার্কিন নৌ সেনারা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যায় এবং ইরানি জাহাজটিতে আটক করে।

ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। সেখানে মার্কিন সেনাদেরকে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে ইরানি জাহাজের ডেকের ওপর নামতে দেখা যাচ্ছে।

এদিকে ওমান উপসাগর থেকে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাহাজ জব্দের ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান।

এটি এমন একটি সময় ঘটলো, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে মধ্যস্থাকারী দেশ পাকিস্তান।

রোববার হোয়াইট হাউজ জানিয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তবে সেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

এর মধ্যেই ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দু’পক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.