মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, আহত ৩ নাবিক

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত একটি বিমানবাহী রণতরীতে আগুন লাগার ঘটনায় তিন নাবিক আহত হয়েছেন। গত মঙ্গলবার ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার রণতরীতে এই অগ্নিকাণ্ড ঘটে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আগুনটি ছিল ছোট মাত্রার এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহত তিন নাবিককে জাহাজের ভেতরেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তারা স্বাভাবিক দায়িত্বে ফিরে যান।

ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক নেভাল স্টেশনে চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময়। মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাহাজের কর্মী ও নেভি শিপইয়ার্ডের কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নেভান।

এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল, যা নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ ঘণ্টা সময় লাগে।

ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারে গত ১৬ মাস ধরে মেরামত ও আধুনিকায়ন চলছে। এই সময়ে রণতরীটির ইঞ্জিন, যুদ্ধব্যবস্থা, বিমান সহায়তা ও আবাসন ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আইজেনহাওয়ার মার্কিন পঞ্চম ফ্লিটের অধীনে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন ছিল।

এটি যুক্তরাষ্ট্রের ১০টি নিমিৎজ-শ্রেণীর সুপারক্যারিয়ারের মধ্যে দ্বিতীয়। চার দশকেরও বেশি সময় ধরে রণতরীটি মার্কিন নৌবাহিনীতে সেবা দিচ্ছে।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আগুনের ঘটনায় রণতরীর চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রমে কোনো বড় ধরনের বিলম্ব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। জাহাজটি কবে ফের মোতায়েন করা হবে, সে বিষয়েও কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.