এনসিসি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে অর্থায়ন চুক্তি

এনসিসি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন এর মধ্যে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি দুটির মধ্যে রয়েছে সরকারের ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় ক্রেডিট হোলসেলিং কার্যক্রম এবং ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এফভিসিএফআইপি)-এর অধীনে অংশগ্রহণমূলক চুক্তি।

সোমবার (১৩্ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি ঢাকায় একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার ও উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. ওবায়দুর রহমান। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. খাইরুল আরেফিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

সরকারের ৩০০ কোটি টাকার তহবিল থেকে গঠিত ‘রিভলভিং ফান্ড’-এর আওতায় এসএমই খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ক্রেডিট হোলসেলিং কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় এনসিসি ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত এই অর্থ ব্যাংকটি যোগ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করবে।

অন্যদিকে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত এফভিসিএফআইপি প্রকল্পের আওতায় এনসিসি ব্যাংক অংশীদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের কৃষিভিত্তিক ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পখাতে আর্থিক প্রবেশাধিকার বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় এসএমই ফাউন্ডেশন এনসিসি ব্যাংকের জন্য অন-লেন্ডিং ক্রেডিট লিমিট অনুমোদন করেছে, যা থেকে ব্যাংকটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদান করবে।

এই দুটি চুক্তি দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। এই উদ্যোগ দেশের প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.