সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় থাকবে কি না নিষ্পত্তি আপিল বিভাগে: অ্যাটর্নি জেনারেল
সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় থাকবে কি না সে বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মঙ্গলবার ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের ওই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন তিনি।
রায়ে সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসাথে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী বাতিল করে বিচারিক আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
দুপুরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা যেটা মনে করি যেহেতু আইনগতভাবে,সাংবিধানিকভাবে এই রায়টির মধ্যে হাইকোর্ট বিভাগ স্পষ্টত উল্লেখ করেছেন যে, তারা স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত ডিরেকশনগুলো দিয়েছেন। এগুলোই কিন্তু সাংবিধানিক প্রশ্ন, আইনি প্রশ্ন যেগুলো সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে আপিলের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমি মনে করি, এতো বড় একটা সাংবিধানিক বিষয় আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমেই এটা হওয়া উচিত।
তবে, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় না থাকলে শূন্যতা তৈরি হবে কি না এমন প্রশ্নে তিনি জানান, তিনি মনে করেন না যে শূন্যতা তৈরি হবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ করা হয়েছিল। এই অধ্যাদেশটি বর্তমান সরকার বাতিল করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.