হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে এক হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের হামের উপসর্গ ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন চার হাজার ৬৩৫ জন। মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.