ভারতের বৃহত্তম সমন্বিত বন্দর উন্নয়নকারী ও পরিচালনাকারী প্রতিষ্ঠান আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড ৫০০ মিলিয়ন (৫০ কোটি) টন কার্গো পরিচালনার উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে।
শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটি আগামী ২০৩০ সালের মধ্যে বার্ষিক ১০০ কোটি টন কার্গো পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। গত বুধবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
১৯৯৮ সালে একটি মাত্র বন্দর দিয়ে যাত্রা শুরু করা এপিএসইজেড বর্তমানে প্রায় তিন দশকে ১৯টি বন্দর ও টার্মিনালের বিশাল নেটওয়ার্কে পরিণত হয়েছে। রেল, সড়ক, গুদামজাতকরণ ও বহুমাধ্যম পরিবহন সংযোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির লজিস্টিক্স প্ল্যাটফর্ম ভারতের বাণিজ্যিক অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আদানি গ্রুপ-এর চেয়ারম্যান গৌতম আদানি এই অর্জনকে দেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বন্দর শুধু বাণিজ্যের প্রবেশদ্বার নয়, এটি জাতীয় আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক সক্ষমতা ও ভবিষ্যতের প্রবেশদ্বার।
বিশ্বব্যাংকের কন্টেইনার পোর্ট পারফরম্যান্স ইনডেক্স ২০২৪-এ স্থান পাওয়া পাঁচটি বন্দরের মধ্যে এপিএসইজেড অন্যতম। এছাড়া ২০২৫ সালের এসঅ্যান্ডপি গ্লোবাল করপোরেট সাসটেইনেবিলিটি অ্যাসেসমেন্টে বৈশ্বিক পরিবহন খাতের শীর্ষ পাঁচ শতাংশ প্রতিষ্ঠানের মধ্যেও স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.