যুক্তরাষ্ট্রে উৎপাদন হয় না এমন সব বিদেশি ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডেইলি মেইলের
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) এক নির্বাহী আদেশের মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। দেশটি প্রতি বছর প্রায় ১৬০ কোটি ডলার সমমূল্যের ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।
তবে প্রেসিডেন্টের এই নীতি অনুযায়ী, যেসব ওষুধ কোম্পানি তাদের উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রে শুরু করবে, তাদের জন্য এই শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হবে। জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাত দেখিয়ে বাণিজ্য আইনের একটি বিশেষ ধারার অধীনে এই শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিলের রায় এক্ষেত্রে কার্যকর হবে না।
আদালত এর আগে বলেছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী শুল্ক আরোপে প্রেসিডেন্ট ‘জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন’ (আইইইপিএ) ব্যবহার করতে পারবেন না। তবে বর্তমান শুল্কটি ভিন্ন আইনি ধারায় হওয়ায় তা বহাল থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.