আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে: ইরান

ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা অসম্পূর্ণ বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর খতম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে প্রতিপক্ষের ধারণা অপূর্ণ এবং কৌশলগত সক্ষমতা সম্পর্কে তাদের কোনো পূর্ণাঙ্গ জ্ঞান নেই।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দেন। এর পরপরই কঠোর প্রতিক্রিয়া জানায় ইরানি সেনাবাহিনী।

সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা কিংবা বিশেষ সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে—এমন ধারণা সঠিক নয়।

তারা আরও জানায়, কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে পরিচালিত হচ্ছে, যা সম্পর্কে প্রতিপক্ষের কোনো ধারণা নেই এবং সেখানে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব নয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে উল্লেখ করে সেন্ট্রাল কমান্ড বলেছে, আরও বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত থাকবে যতক্ষণ না স্থায়ী ও চূড়ান্ত আত্মসমর্পণ নিশ্চিত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.