চাঁদাবাজির তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাঁদাবাজির সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়ে জারি করেছে গণবিজ্ঞপ্তিও।

সোমবার (৩০ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে পাবলিক বাস থেকে চাঁদা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট এবং বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যদি কেউ উল্লেখিত ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য বা ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান; তবে তাদেরকে নিম্ন স্বাক্ষরকারীর কাছে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্য বা ভিডিও প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.