ট্রাম্পকে নিজ দেশের বিক্ষোভে নজর দিতে বললেন ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এই পরিস্থিতিতে দেশটির অভ্যন্তরীণ অস্থিরতার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত ‘নো কিংস’ বিক্ষোভের কথা তুলে ধরেন। পেজেশকিয়ান দাবি করেন, মার্কিন সমাজের একটি অংশ এখন দেশের নীতিনির্ধারণে বাইরের প্রভাব নিয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।

তিনি এ বিক্ষোভকে মার্কিন সমাজের গভীর অসন্তোষের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বাস্তবতা জানানোর জন্য।

পেজেশকিয়ান বলেন, মার্কিন নাগরিকেরা ‘ইসরায়েলকে অগ্রাধিকার’ দেওয়ার নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এবং এই বিক্ষোভ সেই অসন্তোষের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, মার্কিন গণতন্ত্রের ওপর ‘ইসরায়েলি রাজাদের’ প্রভাব নিয়ে নাগরিকদের মধ্যে ক্লান্তি তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। এরপর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এক মাস ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এর মধ্যে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরব যুদ্ধ বন্ধে দুই পক্ষকে আলোচনায় বসানোর উদ্যোগ নিয়েছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার কারণে আলোচনায় বসতে অনাগ্রহ প্রকাশ করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.