ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে। আমাদের জন্য এটা দুঃখজনক যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে মেগা প্রকল্প বা উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে। আমরা এক মাস আগে ক্ষমতায় আসার পর এটি উপলব্ধি করতে পেরেছি।

আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের উত্তরাঞ্চলের সড়ক ও জনপথ চরমভাবে অবহেলিত ছিল, যা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে তার সরকার এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করব না এবং গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

প্রশ্নে আখতার হোসেন বলেন, পূর্ববর্তী (ফ্যাসিস্ট) সরকার মেগা প্রকল্প গ্রহণ করলেও গ্রামীণ সড়ক ব্যবস্থাকে উপেক্ষা করায় গ্রামীণ জনগণ মারাত্মক দুর্ভোগে পড়েছে।

এনসিপির ওই সংসদ সদস্য জানতে চান, বর্তমান সরকার সড়ক উন্নয়নে কোনো ব্যবস্থা নেবে কি না।

বিরোধীদলীয় জামায়াতের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে গ্রামীণ সড়কের তেমন উন্নয়ন হয়নি। এখনো অনেক গ্রামীণ সড়ক কাঁচা রয়েছে এবং এগুলো উন্নয়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। ‘আমরা ধাপে ধাপে কাঁচা সড়কগুলো পাকা করার উদ্যোগ গ্রহণ করেছি।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.