ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরি নিহত হয়েছেন। তবে, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।
কাৎজ অভিযোগ করেছেন, হরমুজ প্রণালিতে হামলা ও অবরোধের মতো ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ সরাসরি জড়িত ছিলেন আলিরেজা তানসিরি এবং হামলা চালিয়ে তাকে ‘উড়িয়ে’ দেয়া হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামলায় ইরানের নৌবাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন।
এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাসে এক হামলায় তানসিরি নিহত হয়েছেন।
আলিরেজা ২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে ২০১০ সাল থেকে তিনি আইআরজিসির নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চলতি বছরের ১০ মার্চ থেকে তার নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে এবং ইরানি সংবাদমাধ্যমগুলো সেই অ্যাকাউন্টের পোস্টগুলো উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করছে।
এসব পোস্টে তিনি বেশ কয়েকবার হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করেছেন।
ওই অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল যে, “ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজের এই প্রণালি দিয়ে যাওয়া-্আসার অধিকার নেই।”
তানসিরি একজন স্পষ্টভাষী কমান্ডার হিসেবে পরিচিত। এর আগে ২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবেন।
২০১৯ সালে ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, অন্যান্য আইআরজিসি কমান্ডারদের সাথে তানসিরির ওপরও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.