কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনায় দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের সিগন্যালের ট্রেন-বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় এ মামলা করেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন।

গতকাল রোববার (২২ মার্চ) হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে বরখাস্ত করা হয় এবং স্টেশন মাস্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

এর আগে, গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাওয়া মামুন স্পেশাল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন।

দুর্ঘটনায় নিহত হয় ১২ জন এবং ১৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.