আবুধাবির শাহ গ্যাস ফিল্ডের কার্যক্রম স্থগিত

সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাসফিল্ডে গতরাতের ড্রোন হামলার পর সেটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আবুধাবি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শাহ গ্যাস ফিল্ড বিশ্বের অন্যতম বৃহত্তম সাওয়ার গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত। এর পাশাপাশি ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনাগুলোতেও পুনরায় হামলা চালানো হয়েছে, ফলে সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ড্রোন হামলার কারণে ফুজাইরাহ বন্দরে তেল লোডিং কার্যক্রম দুইবার বন্ধ করতে হয়েছিল, তবে বর্তমানে তা আবার শুরু হয়েছে। এই হামলাগুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম।

তবে একটি অজ্ঞাত প্রজেক্টাইল ফুজাইরাহ বন্দর থেকে ৪২ কিলোমিটার পূর্বে একটি তেলবাহী ট্যাংকারে আঘাত করেছে, এর ফলে জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুইটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এসব ঘটনার ফলে সংযুক্ত আরব আমিরাতের দৈনিক তেল উৎপাদন অর্ধেক হয়ে গেছে। এছাড়া হরমুজ প্রণালি বন্ধ থাকায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি তাদের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমাতে বাধ্য হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.