ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র শবেকদরের সরকারি ছুটি। ঈদের আগে ও পরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকলেও মন্ত্রিসভার অনুমোদনের পর ওই দিনও ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সরকারি ছুটির নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।

ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে খুলবে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমাসহ সব ধরনের প্রতিষ্ঠান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.