ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ বলেছেন, ঈদুল ফিতর বাঙালি মুসলমানের প্রধান উৎসব, যেখানে আনন্দ ও ভালোবাসার সঙ্গে পরিবারের উপার্জনক্ষম সদস্যদের কাছে অন্যদের নানা আবদার থাকে। তবে ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনও ৩০–৩৫ শতাংশ কারখানার শ্রমিকের বেতন এবং অর্ধেকের বেশি কারখানার বোনাস পরিশোধ হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, “শেষ মুহূর্তেও বেতন-বোনাস না দেওয়ায় শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে, এবং পরিবারের ছোট সন্তানরা মানসিকভাবে কষ্ট পাচ্ছে। অবিলম্বে আজ বা কালকের মধ্যে বকেয়া বেতন-বোনাস পরিশোধ করতে হবে। শ্রমিকের প্রাপ্য বুঝিয়ে দিতে গড়িমসিকে শাস্তির আওতায় আনা জরুরি।”
তিনি আরও অভিযোগ করেন, সরকারের নজরদারির অভাব এবং কারখানা মালিকদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে এই সমস্যা বারবার দেখা দেয়। “সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সক্রিয় হলে তারা ঈদের ১৫ রোজার মধ্যে বেতন-ভাতা পরিশোধে বাধ্য হতো। কিন্তু মালিকরা ধনিক শ্রেণির হওয়ায় উদাসীন থাকে, ফলে প্রতিবছর ঈদ এলেই শ্রমিকদের দেনা-পাওনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যা কখনো কখনো সহিংস আন্দোলনের জন্ম দেয়।”
ইউনুস আহমদ নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নতুন সরকার অন্তত এবার শ্রমিকদের পাওনা সময়মতো আদায়ের ব্যবস্থা নিক। এখনও সুযোগ আছে; দ্রুততার সঙ্গে বকেয়া বেতন-ভাতা আদায়ের ব্যবস্থা করুন।”
অর্থসুচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.