ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার। সোমবার ইসরায়েলের গণমাধ্যম রেডিও ১০৩ এফএম ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে মন্ত্রী মিকি জোহার বলেন, আমরা ইতোমধ্যে অনুধাবন করতে পারছি যে সামনের দিনগুলোতে উত্তেজনা আরও বাড়বে। তাই ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই আরও ব্যাপক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।
এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.