জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত আন্তর্জাতিক বাজারের চাপ সহ্য করতে পারবে, ততদিন জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীতে প্রায় ৮৫টি দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও পার গ্যালনে প্রায় ৫০ থেকে ৬০ সেন্ট পর্যন্ত বেড়েছে। অস্ট্রেলিয়াতেও ৭০ থেকে ৭৫ সেন্ট পর্যন্ত বেড়েছে। বাংলাদেশের মতো দেশে এখনও পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়নি। এর মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ-কষ্ট সম্পর্কে সচেতন এবং কোনোভাবেই জনগণের কষ্ট বৃদ্ধি না পায় সেটিকে বিবেচনায় রেখেছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এছাড়া সরকারের সিদ্ধান্তের সুফল প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছানো এবং রেশনিং প্রত্যাহারের সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয় দীর্ঘ আলোচনায় বসেছে।

তিনি জানান, এই প্রক্রিয়ায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং জেলা প্রশাসনের সহযোগিতাও নেওয়া হবে।

রাশিয়া থেকে তেলের সরবরাহ সম্পর্কিত প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার কোনো কিছু পরিকল্পনা ছাড়া কাজ করে না। রাশিয়ার ক্রুড অয়েল অন্য কোনো দেশে রিফাইন্ড হয়ে আসতে পারে, অথবা সরবরাহকারী কোম্পানি যে ধরনের তেল দেবে, তা রিফাইনারি রিফাইন্ড করতে পারবে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় স্পেসিফিকেশনও চাওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে চলতি বোরো মৌসুম পর্যন্ত জ্বালানি সরবরাহে কোনো সংকট তৈরি না হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.