সরকারের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে পুঁজিবাজারকে অন্যতম চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির পথ সুগম করতে পুঁজিবাজারের ওপর জনগণের আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনা অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, সাস্টেইনেবল স্টক এক্সচেঞ্জেস, দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট এবং ইউএন উইমেনের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের মিশনের উপ-প্রধান অ্যান্ডার্স বি. কেলসেন অংশ নেন।
রবিবার (১৫ মার্চ) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লালারুখ। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল “সফল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা, ক্ষমতায়ন”।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, নারীরা ক্ষমতায়িত হলে পরিবার শক্তিশালী হয়, সমাজ আরও স্থিতিশীল হয় এবং জাতি উন্নয়নের পথে এগিয়ে যায়।
ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ নবনীতা সিনহা বলেন, বাংলাদেশে নারীরা পুরুষদের তুলনায় প্রায় ৫ দশমিক ৮ গুণ বেশি অবৈতনিক পরিচর্যা কাজ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নারীর অংশগ্রহণ এখনও সীমিত। গবেষণা অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে নেতৃত্ব পর্যায়ে নারীর অংশগ্রহণ বেশি, সেসব প্রতিষ্ঠানের মুনাফা প্রায় ২১ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে।
বক্তব্য শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রিং দ্যা বেল ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ অনুষ্ঠানে অ্যান্ডার্স বি. কেলসেন, ন্যাশনাল ব্যাংক পিএলসি চেয়ারম্যান মেলিটা মেহজাবীন, ব্যারিস্টার নাজিয়া কবির, ডিএসই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ইউএন উইমেনের নবনীতা সিনহা, কমিশনার ফারজানা লালারুখ, মেঘনা ব্যাংক চেয়ারপারসন উজমা চৌধুরী, লোপা রহমান এবং ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের অংশগ্রহণে প্রতীকীভাবে বেল বাজানো হয়।
পরে লোপা রহমানের সঞ্চালনায় “নারীর নেতৃত্বের প্রধান চালিকাশক্তি ও কৌশল-সম্ভাবনার বিকাশ এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত” বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন মেলিটা মেহজাবীন, উজমা চৌধুরী, জেরীন মাহমুদ হোসেইন এবং ব্যারিস্টার নাজিয়া কবির।
বিশেষ অতিথি কমিশনার ফারজানা লালারুখ বলেন, পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারীর অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, সরকারের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুঁজিবাজারকে জনগণের আস্থা ও বিশ্বাসের সূচক হিসেবে দেখতে হবে এবং এজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
সমাপনী বক্তব্যে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, আর্থিক খাতে ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে নারীদের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ হলেও বৈশ্বিক আর্থিক খাতে তাদের অংশগ্রহণ এখনও তুলনামূলকভাবে কম। তাই আর্থিক খাতে ভারসাম্যপূর্ণ ও বৈচিত্র্যময় প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.