প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
চুক্তির আওতায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের পাঠানো অর্থ মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে সরাসরি নগদ ব্যবহারকারীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। এতে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে অর্থ পাঠাতে পারবেন। দেশের যেকোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নজমুল হুদা সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ তারেক খান ও খন্দকার তৌফিক হোসেন খান উপস্থিত ছিলেন। এছাড়া নগদের পক্ষ থেকে রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক রেমিট্যান্স সংগ্রহ করে থাকে। নগদের সঙ্গে এই চুক্তির ফলে প্রবাসী ও তাদের পরিবার আরও দ্রুত ও সহজে রেমিট্যান্স সেবা পাবেন।
এ সময় নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের পাঠানো অর্থ নিরাপদভাবে ও তাৎক্ষণিকভাবে প্রাপকের নগদ ওয়ালেটে পৌঁছে যাবে। গ্রাহকেরা চাইলে যেকোনো সময় এই অর্থ ব্যবহার করতে পারবেন অথবা দেশের বিভিন্ন স্থানে থাকা নগদের তিন লক্ষাধিক উদ্যোক্তা পয়েন্ট থেকে কম খরচে নগদ উত্তোলন করতে পারবেন।
তিনি আরও বলেন, এই উদ্যোগ দেশের রেমিট্যান্স ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করবে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়তা করবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.