সোমবারের মধ্যে স্থগিত ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পাঠানোর আশা বিমান প্রতিমন্ত্রীর

আগামীকালের (সোমবার) মধ্যে স্থগিত ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, গতকাল স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল (সময় পরিবর্তন) করা হয়েছে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি।

রোববার (১ মার্চ) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিসিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। একইসঙ্গে পরিস্থিতির ওপর নজর রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

তিনি বলেন, যাত্রীরা আসার একটা সময় অবশ্যই পাবেন এবং সেই সময়টা আমরা এমনভাবে দেব, যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও ফ্লাইট ধরতে পারেন। আমরা আশা করছি যুদ্ধটা যদি আর না বেড়ে যায় বা থেমে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বেড়ে যায় তাহলে আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করে ব্যবস্থা নেব।

এই পরিস্থিতি খোদ প্রধানমন্ত্রী সরাসরি মনিটর করছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি মনিটর করছেন। যাত্রীদের ইফতারসহ যাবতীয় দেখভালের বিষয়ে তিনি আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা অত্যন্ত সফলভাবে যাত্রীদের সব সুবিধা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.