ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি গার্লস স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন ১৪৮ জনে দাঁড়িয়েছে।
মিনাব কাউন্টির প্রসিকিউটর এব্রাহিম তাহেরি ইরানের সংবাদমাধ্যমে বলেছেন, আহতের সংখ্যা এখন ৯৫ জন। নিহত ও আহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে ‘বর্বোরোচিত কাজ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটি “আগ্রাসকদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়”।
বিবিসি ফার্সির ফ্যাক্ট ফাইন্ডিং বিভাগ জানিয়েছে স্কুলটির অবস্থান ইরানের বিপ্লবী গার্ডের একটি কমপ্লেক্সের কাছে।
ইরানের রেড ক্রিসেন্ট বলছে, হামলায় সারাদেশে ২০১ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আর ৭৪৭ জন আহত হয়েছে।
এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেলআভিভে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছে। এতে ইসরায়েলে একজন নারী নিহত এবং ১২০ জন আহত হয়েছেন বলে জরুরি সেবাগুলো জানিয়েছে।
ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন ঘাঁটিও টার্গেট হয়েছে। এ ছাড়া দুবাই, দোহা এবং কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.