নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদী: এনডিটিভি

বাংলাদেশের নতুন সরকার শপথ নিতে যাচ্ছে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সম্ভবত আসছেন না নরেন্দ্র মোদী।

খবরে বলা হচ্ছে, একই দিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় ঢাকায় আসতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী।

১৩ দেশের আমন্ত্রণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

ভারতীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী মোদী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হলেও মুম্বাইয়ে ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। তার পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন।

ম্যাক্রোঁর ভারত সফর

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আগামী ১৬–১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে মোদীর সঙ্গে তার বৈঠক হবে। সেখানে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় ও যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
পরে দুই নেতা নয়াদিল্লিতে গিয়ে ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ অংশ নেবেন।

এ সফরটি হবে মোদীর আমন্ত্রণে ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.