ভূমিধস বিজয়ে তারেক রহমানকে বিজিএমইএ ও বিটিএমএর অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে ভূমিধস বিজয় অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বস্ত্র ও পোশাক খাতের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে সংগঠন দুটি প্রত্যাশা করছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার আগামীতে বস্ত্র ও পোশাক খাতের বিদ্যমান সংকট নিরসন করবে।

শুভেচ্ছা বার্তায় বিএনপির চেয়ারম্যানকে উদ্দেশ করে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অনন্য ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে যে অভূতপূর্ব ও ভূমিধস বিজয় অর্জন করেছে, সেজন্য বিজিএমইএর পক্ষ থেকে অভিনন্দন। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ দেশের আপামর জনতা যে গণরায়ের প্রতিফলন ঘটিয়েছে, তা জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। এই বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক ও শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে পোশাক খাতের উদ্যোক্তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে।

বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণশক্তি, তৈরি পোশাকশিল্প বর্তমানে এক অনন্য ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে উল্লেখ করা হয়েছে শুভেচ্ছা বার্তায়। এতে বলা হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের আধিপত্য সুসংহত রাখতে বিএনপি সরকারের দূরদর্শী নীতিগত সহায়তা ও ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গি পোশাক খাতের ব্যবসায়ীদের জন্য এক পরম অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিজিএমইএ দৃঢ়ভাবে বিশ্বাস করে, তারেক রহমানের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের পূর্ণ সমর্থন পেলে ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানিকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার যে জাতীয় স্বপ্ন, তা বাস্তবে রূপদান করা সম্ভব হবে। বিএনপি চেয়ারম্যানের দিকনির্দেশনায় ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের এক অদম্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। বিশেষ করে বিজিএমইএ পরিবারের যেসব সুযোগ্য সদস্য বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের পোশাকশিল্পের সংকট নিরসন এবং সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে ব্যবসায়ীরা গভীরভাবে বিশ্বাস করেন।

শুভেচ্ছা বার্তায় বিজিএমইএ জানিয়েছে, তারা নতুন সরকারের নেতৃত্বে একটি স্থিতিশীল, উদ্ভাবনী এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রত্যাশা করে, যেখানে বিনিয়োগকারীরা নির্ভয়ে কাজ করতে পারবেন এবং বাংলাদেশ আরও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা আগামী দিনগুলোতে দেশ পরিচালনায় তারেকের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

আরেক শুভেচ্ছা বার্তায় দুই-তৃতীয়াংশ আসনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিটিএমএ। শুভেচ্ছা বার্তায় বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, তারা প্রত্যাশা করছেন বিএনপির নেতৃত্ব জাতীয় সংসদে শিল্পায়ন বিশেষ করে বস্ত্র খাতের বিদ্যমান সমস্যার সমাধান, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে। তাদের সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছে বিটিএমএ।

একই সঙ্গে বিটিএমএর সহসভাপতি মো. আবুল কালাম (কুমিল্লা-৯), পরিচালক আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩) এবং সদস্য এস এম ফয়সাল (হবিগঞ্জ-৪) ও মনজুর এলাহী (নরসিংদী-৩) ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় বিটিএমএর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.