রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সিটি এডিটর ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদের (৭০) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে খবর পেয়ে প্রেসক্লাবের শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, “তিনি গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে এক মেয়ে আছেন।
তার স্ত্রী জেসমিন আরা বলেন, “রাতে উনি (আলী মাহমুদ) রাতে বাসায় ফেরেনি। আমরা চিন্তায় ছিলাম। সকালে তার খোঁজ নিতে আমি ও আমার জাতীয় প্রেস ক্লাবে যাই। সেখানে কিছুক্ষণ থাকার পরে ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী খবর দেন যে, ওয়াশ রুমে উনার দেহ অবচেতন অবস্থায় পড়ে আছে।”
মরদেহের ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, “ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আলী মাহমুদের জন্ম ১৯৫৬ সালে, রাজশাহীর পবায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সাংবাদিকতা শুরু করেন তিনি। তার প্রথম কর্মস্থল রাজশাহীর দৈনিক বার্তা। এরপর ঢাকায় এসে যোগ দেন দৈনিক দিনকালে। দীর্ঘ দিন এই পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে সর্বশেষ নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
আলী মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য ছিলেন; বিএনপির মিডিয়া সেলেরও তিনি সদস্য ছিলেন।
আলী মাহমুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দৈনিক দিনকালসহ সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.