হাইকোর্টের আরেক বিচারপতির পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত‍্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। ইতোমধ্যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ২ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান পদত্যাগপত্র পাঠান।

জানা গেছে, বিনা ছুটিতে দীর্ঘ এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত তিনি। তার বিষয়ে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি এর আগে হাইকোর্ট বিভাগের তিন জন বিচারপতিকে অপসারণ করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৯ জন বিচারপতি এখন আর দায়িত্বে নেই (তাদের কেউ কেউ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের পর বাধ্যতামূলক অবসরে, কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ, আবার কেউ কেউ অবসরে চলে গেছেন)। বাকি তিন জন বিচারপতি পদে থাকলেও বেঞ্চের দায়িত্বে (বিচারিক কাজে নিয়োজিত) নেই। এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো মোট ১৩ বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুই বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের একজন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.