নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণকারী নারীদের ওপর হামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন (আল-মিসবাহ) জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণায় দেশের বিভিন্ন স্থানে নারীরা—বিশেষ করে হিজাব পরিহিত নারীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে হামলা ও হুমকির শিকার হচ্ছেন। এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে উঠে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কার্যকর কোনও প্রতিরোধমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি।
আবেদনে উল্লেখ করা হয়, নারীদের প্রচারণায় বাধা দেওয়া ও হামলা করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৮ (বৈষম্য নিষিদ্ধ), ৩২ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা), ৩৬ (চলাচলের স্বাধীনতা), ৩৭ (সমাবেশের স্বাধীনতা) ও ৪১ (ধর্মীয় স্বাধীনতা) অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এ ছাড়া সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে সহায়তা করার যে সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাহী বিভাগের রয়েছে, তা পালনে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।
রিটকারী আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন বলেন, নারীদের ভয়মুক্ত অংশগ্রহণ ছাড়া কোনও নির্বাচনই গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হতে পারে না। নিরাপদ পরিবেশে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারীর সাংবিধানিক অধিকার। এই অধিকার সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আগামী সপ্তাহে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি হতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.