বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের দলীয় প্রধানের বক্তব্য প্রচার প্রসঙ্গে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবশে সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্যে স্লট বরাদ্দের বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছে ইসি।

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ)-এর অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করা; বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করা; যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে তাদেরকে তাদের আবেদনের সময়ের ক্রমানুয়ায়ী বক্তব্য প্রদানের সুযোগ দেয়া (দলীয় প্রধানদের নামের তালিকা সংযুক্ত করা হলো); প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে। যেহেতু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হতে আবেদন পাওয়া যায়নি তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিদা মোতাবেক ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া, বর্ণিতাবস্থায় উপরোল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.