৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগ যথা- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৯ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকায় ১০১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জনকে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে, ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেবে সরকার।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.